Image description

ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্ট ভবনে প্রদর্শন করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যঙ্গাত্মক ভাষ্কর্য।

ডেনিশ শিল্পী ইয়েনস গালশিওতের তৈরি ২ দশমিক ৫ মিটার উচ্চতার এই ভাষ্কর্যটির নাম ‘অরেঞ্জ প্লেগ’। এতে মার্কিন প্রেসিডেন্টকে নগ্ন অবস্থায় দেখানো হয়েছে। তার হাতে রয়েছে লম্বা সোনালি রঙের একটি লাঠি এবং তিনি তুলনামূলক ছোট এক ব্যক্তির কাঁধে বসে আছেন।

শিল্পী জানিয়েছেন, ভাষ্কর্যটি ২৩ ক্যারেট সোনা দিয়ে আবৃত। ভাষ্কর্যটি ‘কিং অব ইনজাস্টিস’ বা ‘অন্যায়ের রাজা’ নামেও পরিচিত।

ভাষ্কর্যটির পাশে রাখা কার্ডে লেখা রয়েছে, ‘অন্যায়ের রাজা’ এমন এক ব্যক্তির পিঠে বসে আছেন, যিনি এই বোঝার চাপে ডুবে যাচ্ছেন।

কার্ডে আরও লেখা, ‘তাকে সাহায্য করতে আমি যেকোনো কিছু করব। শুধু তার পিঠ থেকে নেমে আসা ছাড়া।’ জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রচেষ্টায় ট্রাম্প বাধা দিচ্ছেন—এমন অভিযোগও করেছেন শিল্পী।

ইউরোপীয় পার্লামেন্টের দুটি ভবনের সংযোগস্থলে ভাষ্কর্যটি রাখা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এটি সেখানে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

শিল্পীকে আমন্ত্রণ জানানো বামপন্থী ডেনিশ ইউরোপীয় পার্লামেন্ট সদস্য পের ক্লাউসেন ট্রাম্পের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন নন।

ক্লাউসেন বললেন, ‘কেউ যদি এতটাই স্পর্শকাতর হন যে ইউরোপীয় পার্লামেন্টে এই ভাস্কর্য প্রদর্শন সহ্য করতে পারেন না, তাহলে বিশ্বমঞ্চে তার কোনো জায়গা নেই।’

ভাষ্কর্যটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট এখনো কোনো মন্তব্য করেননি। এর আগে ইউরোপের আরও কয়েকটি শহরে এবং ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০-এও ভাষ্কর্যটি প্রদর্শিত হয়েছে।

সূত্র: ডয়চেভেলে