Image description

ন্যাশনাল ব্যাংক পিএলসির আমানতকারীরা ১৫ অক্টোবর থেকে তাদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারবেন। এ জন্য ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ব্যাংকটির তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলন নির্বিঘ্ন করতে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

 

কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে গভর্নরকে অবহিত করেন। এসব পদক্ষেপ ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করতে সহায়তা করেছে বলে তিনি জানান।

 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ন্যাশনাল ব্যাংকের সব আমানতকারী যাতে তাদের চাহিদা অনুযায়ী আমানত উত্তোলন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ গভর্নর।

 

এ ছাড়া আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থের প্রাপ্যতা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি, যাতে আমানতকারীরা তাদের চাহিদা অনুযায়ী নির্বিঘ্নে অর্থ উত্তোলন করতে পারেন।

 

গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নিশ্চিত করা সম্ভব হবে।