ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড অন্যত্র স্থানান্তরের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) চিঠি দিয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এ চিঠি দিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক।
চিঠিতে ইশরাক হোসেন লিখেছেন, ‘আমার নির্বাচনি এলাকার অন্তর্গত ধোলাইখাল এলাকায় বিদ্যমান ট্রাকস্ট্যান্ডের কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় যানজট, শব্দ ও বায়ুদূষণ, সড়ক নিরাপত্তাহীনতা এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে ভারি যানবাহনের চলাচল ও সড়কের ওপর ট্রাক অবস্থানের কারণে এলাকার স্বাভাবিক যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘ধোলাইখাল রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়ায় বর্তমান স্থানে ট্রাকস্ট্যান্ড পরিচালনা জনস্বার্থ, সড়ক ব্যবস্থাপনা ও নগর পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে প্রতীয়মান হচ্ছে। একটি পরিকল্পিত, নিরাপদ ও জনবান্ধব নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাকস্ট্যান্ডটি উপযুক্ত বিকল্প স্থানে স্থানান্তর করা প্রয়োজন। ’
ইশরাক বলেন, ‘এমতাবস্থায় জনস্বার্থে ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডের বর্তমান অবস্থান সরেজমিনে পরিদর্শন ও প্রয়োজনীয় পর্যালোচনা করে উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণপূর্বক ট্রাকস্ট্যান্ডটি অন্যত্র স্থানান্তরের জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি। ’
বিষয়টির জনস্বার্থ ও গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে গৃহীত ব্যবস্থা ও অগ্রগতির বিষয়ে অবহিত করার জন্যেও অনুরোধ জানান ইশরাক।
শীর্ষনিউজ