Image description

‘পাঁচ-পাঁচই লাগবে, এক পয়সাও কম হবে না, এটা সরাসরি ভিপি নুরের নির্দেশ’- এমন অডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হলে বহিষ্কার হন লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসাইন। বহিষ্কারের কয়েক ঘণ্টা পরই তার বিরুদ্ধে মামলা করেন সদ্য বিলুপ্ত জেলা গণঅধিকার পরিষদ কমিটির সাধারণ সম্পাদক সোলায়মান চৌধুরী।

পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এবং গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের ১০ কোটি টাকার মানহানির মামলায় ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফারুকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

এর আগে দুপুরে ফারুককে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফারুক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নাম ভাঙিয়ে মানুষের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। বিষয়টি জানতে পেরে জেলা গণঅধিকার পরিষদ থেকে তাকে সতর্ক করা হয়, কিন্তু তথ্য প্রমাণ না থাকায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তার একটি অডিও রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়লে সেখানে শোনা যায়, তিনি ইয়াকুব হাসান সাকিব নামে এক যুবকের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বলে যে, এটা ভিপি নুরের নির্দেশ। পরে ভিপি নুর তার ফেসবুক আইডি থেকে ফারুককে বহিষ্কারের জন্য নির্দেশ এবং তাকে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। ফারুকের বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ১০ কোটি টাকার মানহানি হয়েছে। তার বক্তব্যের কারণে মানুষের মনে বিরূপ ধারণা ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

 

রোববার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত ফেসবুকে ভাইরাল হওয়া ৪১ সেকেন্ডের অডিও রেকর্ডিংটিতে ফারুককে বলতে শোনা যায়, ‘তোমার পাসপোর্টটা জমা দিমু। তারপর ওয়ার্ক ফারমিট ভিসার জন্য পাঠাব। যে দেশে বলবা সে দেশেই পাঠাব। পাঠাইলে এ ভিসার জন্য তোমাকে টাকা এটা দিতে হবে। বাকি টাকাটা এক-দুই মাস পরে দিলেও অসুবিধা নেই। কিন্তু এখন আজকে এটা লাগবে। অফিস খরচ, কাগজপত্রগুলো এন্ট্রি করা, ম্যান পাওয়ার, পুলিশ ক্লিয়ারেন্স, বিএমইটি, এগুলো সব শো করে অনলাইন করে ওয়ার্ক ফারমিট ভিসা আনার জন্য সম্ভব হবে না বাবা। এজন্য পাঁচ-পাঁচই লাগবে, এক পয়সাও কম হবে না বাবা। বাকিগুলো এক-দেড় মাস পরে লাগবে, সেটা আমি বলব। কিন্তু আজকে এটা লাগবে। এটা সরাসরি ভিপি নুরের নির্দেশ, কথাটা বুঝছো।’

এদিকে, অডিও ভাইরালের পর সোমবার সন্ধ্যায় যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক নাঈম হোসেন শান্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফারুককে বহিষ্কার করা হয়।

এতে উল্লেখ করা হয়, দলের সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘আমার নাম ব্যবহার ধান্দাবাজি করে রেহাই পাওয়ার সুযোগ নেই। ইতোমধ্যে অভিযুক্তকে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকেও বলা হয়েছে।’

গ্রেপ্তার হওয়ার আগে ফারুক হোসাইন বলেন, ‘স্থানীয় একটি চক্র এআই প্রযুক্তির সাহায্যে ভয়েস কাটছাট ও সম্পাদনা করে এই অডিও তৈরি করেছে। আমার এলাকার সাকিব নামের এক ছোট ভাই পাসপোর্ট করে দেওয়ার কথা বললে আমি ৫ হাজার টাকার কথা বলি। সেই পাঁচ হাজার টাকাকেই এআই দিয়ে ৫ লাখ বানানো হয়েছে।’