Image description

দেশের অর্থনীতিতে রেমিট্যান্স বা প্রবাসী আয় স্বস্তির খবর নিয়ে এসেছে। চলতি অক্টোবরের প্রথম ৫ দিনেই দেশে ৫১৩ মিলিয়ন বা ৫১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৫ অক্টোবর এক দিনেই এসেছে ১০৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বজায় রয়েছে। চলতি অর্থবছরে (২০২৬-২৭) ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয়ে ২১ দশমিক ৪ শতাংশ মাসিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত বছরের একই সময়ে (১-৫ অক্টোবর, ২০২৫) রেমিট্যান্স এসেছিল ৪২২ মিলিয়ন ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় চলতি মাসের প্রথম ৫ দিনেই ৯১ মিলিয়ন ডলার বেশি রেমিট্যান্স এসেছে।

 

চলতি অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট ৯ হাজার ১০৪ মিলিয়ন (৯ দশমিক ১০ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ৫ অক্টোবর, ২০২৫) এ পরিমাণ ছিল ৮ হাজার ৮ মিলিয়ন ডলার। সেই হিসাবে এ সময়ে বছরওয়ারি (ইয়ার-অন-ইয়ার) প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৭ শতাংশ।

 

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের এ ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।