হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৯ দশমিক ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) এসব স্বর্ণ জব্দ করেছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
সিআইআইডি কর্মকর্তারা জানিয়েছেন, তারা মোট ৮০টি স্বর্ণবার উদ্ধার করেন। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। ৮০টি স্বর্ণবারের মোট ওজন হয়েছিল ৯ দশমিক ৩৪ কেজি।
দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের EK0582 ফ্লাইটের দুই বিমানকর্মীর জুতায় বিশেষ কায়দায় স্বর্ণবারগুলো লুকানো ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা।
এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের EK0582 ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীকে তল্লাশি করা হয়। তাদের জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণবারগুলো পাওয়া যায়।
বিমানকর্মীদের জুতার ভেতর স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের এই কৌশল নিয়ে তদন্ত চলছে। কারা এর সঙ্গে জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে এসেছে এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিআইআইডি কর্মকর্তারা।
এদিকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH-0196 ফ্লাইটের যাত্রী মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউয়ের কাছ থেকে সাড়ে চার কেজি স্বর্ণ জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় আট কোটি টাকা।
কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তার কাছ থেকে এক কিলোগ্রাম ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটিসহ মোট নয়টি স্বর্ণবার ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ জব্দ করে। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা করার প্রক্রিয়া চলমান।