রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে এক পরিচ্ছন্নতাকর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পর কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা দিয়েছে ইউজিসি। নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক সংগঠনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, মন্তব্য বা তথ্য প্রকাশ ও শেয়ার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক সংগঠনের সমর্থনে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, মন্তব্য ও তথ্য প্রকাশ বা শেয়ার করা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ১৯৮৭-এর ধারা ২২(৩) এবং সরকারি আইন ও বিধিমালার পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ।
এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী যেকোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে এক পরিচ্ছন্নতাকর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই দিন ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন।
জানা গেছে, সোমবার সকালে ইউজিসি ভবনের ভেতরে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন ওই কর্মচারী। এ সময় এক কর্মকর্তা তাকে স্লোগান দিতে দেখে ফেলেন। পরে তিনি স্লোগান বন্ধ করে সেখান থেকে চলে যান। বিষয়টি জানাজানি হলে দিনভর ইউজিসি ভবনে এ নিয়ে আলোচনা হয়। পরে কর্তৃপক্ষ ওই কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেয়।
নাম প্রকাশ না করার শর্তে ইউজিসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “যিনি স্লোগান দিয়েছেন, তার নাম সানাউল্লাহ। তিনি একজন পরিচ্ছন্নতাকর্মী। তাকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। সকালে এ ঘটনার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।”
এদিকে সোমবার সকালে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে ইউজিসিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউজিসি ভবনের ভেতরে স্লোগান দেওয়ার বিষয়টি জানতে পেরে সভায় উপস্থিত উপাচার্যরাও এ নিয়ে সমালোচনা করেছেন বলে জানা গেছে।
ইউজিসি সূত্র জানায়, সানাউল্লাহ নামে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ওই কর্মচারী সোমবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ইউজিসি ভবনের চতুর্থ তলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে এলে নিরাপত্তা কর্মকর্তাকে ডেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়।
ইউজিসি জানায়, ফাঁকা সুযোগ পেয়ে সানাউল্লাহ ওই স্লোগান দিয়েছেন। তিনি কমিশনের নিয়মিত কর্মচারী নন। একটি আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি ইউজিসিতে কাজ করতেন। ঘটনার পর তাকে ওই দিনই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।