বাংলাদেশে ‘ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা’ এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
শনিবার ‘বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান’ এবং রাজনৈতিক দল ‘ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া’ (এনসিপিআই)-এর যৌথ উদ্যোগে এ বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালিত হয়।
জানা গেছে, শনিবার দুপুরে শিয়ালদহ রেল স্টেশন থেকে দুটি সংগঠনের যৌথ উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী-সন্ন্যাসিনী এবং এনসিপিআই-এর অর্ধশতাধিক সমর্থক অংশ নেন। মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে অগ্রসর হতে থাকলে নিরাপত্তার স্বার্থে পুলিশ মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে শক্ত ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়।
বিক্ষোভকারীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে জোরপূর্বক মিশনের দিকে এগোনোর চেষ্টা করলে কলকাতা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। এর ফলে মিশন সংলগ্ন ব্যস্ত সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশি বাধায় বিক্ষোভকারীরা মিশনের সামনে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর ডেপুটি হাইকমিশন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পাঁচজনের একটি প্রতিনিধি দলকে ভেতরে যাওয়ার সুযোগ দেওয়া হয়। প্রতিনিধি দলটি ডেপুটি হাইকমিশনে প্রবেশ করে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান এবং চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করে।
স্মারকলিপি জমা দেওয়ার পর কিছুক্ষণ স্লোগান দিয়ে আন্দোলনকারীরা মিশন চত্বর ত্যাগ করেন।