সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম ও সাফল্য জনগণের সামনে তুলে ধরতে এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যে প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন এবং তা বাস্তবায়নে কাজ করছেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রথম ছয় মাসের সাফল্য জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শনিবার সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম ও সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের আয়োজনে এবং জেলা তথ্য অফিস, সুনামগঞ্জের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান তথ্য কর্মকর্তা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির তথ্য জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সেমিনারের মাধ্যমে গণমাধ্যমকর্মীরা সরকারের কার্যক্রম ও সাফল্যের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, এ সরকার ফ্যামেলি কার্ড, কৃষক কার্ডসহ নানা উন্নয়ন করছে। সরকারের এ সাফল্য তৃণমুলে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের আহবান জানান তিনি।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিন।
গুজব ও অপপ্রচার মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ বিষয়ে বক্তব্য দেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা মো. আকিকুর রেজা।
সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় তথ্য অধিদপ্তরের ভূমিকা ও আগামীর চ্যালেঞ্জ’ বিষয়ে বক্তব্য দেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা হাছিনা আক্তার।
এ ছাড়া ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ বিষয়ে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির তথ্য জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সেমিনারে সুনামগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। উন্মুক্ত আলোচনায় গণমাধ্যমের দায়িত্ব, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে মতামত দেন সাংবাদিকরা।
এ সময় সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সহজে পাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন সাংবাদিকরা।