Image description

শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া ওই সময় ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল কনফারেন্সের একটি অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, পুরোনো বন্ধু হিসেবে ভারতের যা করার, তারা তা করেছে। ওই সময় শেখ হাসিনাকে বহনকারী বিমান ভারতে অবতরণের অনুমতি না দিলে কী পরিস্থিতি তৈরি হতো, তা জানা নেই বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা কীভাবে ভারতে গিয়েছিলেন—এমন প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতে যান।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া, যা অব্যাহত রয়েছে। বিষয়টি একটি সুগঠিত আইনগত প্রক্রিয়ার অংশ এবং এতে আদালতও যুক্ত রয়েছে।

তাই এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া সম্ভব নয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে করা আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে একাধিকবার জানিয়েছে, বিষয়টি নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে রয়েছে।

তিনি আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদের আইনি ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টিও বর্তমানে সেই আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে।

শীর্ষনিউজ