Image description

বিএনপি সরকারকে উদ্দেশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, আপনারা বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখানোর নতুন চিন্তা করছেন। বাঙালিকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করেন না, যদি বাঙালিকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করেন বাঙালি রাজপথ দেখিয়ে ছেড়ে দেবে। আপনারা শেখ হাসিনার মতো প্রতাপশালী জালিম স্বৈরাচারী হতে পারবেন না। শেখ হাসিনাকে তার বিদেশি প্রভুরা টিকিয়ে রাখতে পারে নাই।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূলে কার্যকর পদক্ষেপ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মামুনুল হক বলেন, উনার মহিলা এমপি দখলদারি করেছে, সন্ত্রাসী করেছে। উনার মহিলা এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সরিয়ে দিয়ে দলকে শুদ্ধ করতে চায়। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই ব্যবস্থা প্রণয়নের জন্য প্রধান দায়ী আপনি। বিরোধী দলের প্রত্যেকটি আসনে আপনার দলীয় মহিলা এমপিদের দায়িত্ব দিয়ে বিরোধী দলীয় এমপিদের অকার্যকর করার ষড়যন্ত্র করেছেন। আর বিরোধী দলীয় এমপিদের আসনে আপনার নারী এমপিরা সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, ভাঙচুর করবে। দলের নারী নেত্রীদের এই অবস্থা হলে, সে দলের পুরুষ চাঁদাবাজ দখলদারদের কী অবস্থা?

তিনি বলেন, রাড্ডা কাণ্ডের দায় শুধু একজন নারী সংসদ সদস্যের নয়, এই রাড্ডা কাণ্ডের সকল দায় প্রধানমন্ত্রীকে বহন করতে হবে। আপনাদের দলীয় ফোরামকে নিয়ন্ত্রণ করুন। গণভোটের গণরায় কার্যকর করুন। তেল, গ্যাস, বিদ্যুৎসহ জনগণের সমস্যা সমাধানের জন্য জনগণের জবাবদিহিমূলক ব্যবস্থা করুন।

বিজ্ঞাপন

মামুনুল হক বলেন, আমরা রাজপথে নামতে ৬ মাস সময় নিয়েছি। আপনারা গণভোটের রায় কার্যকর করার ক্ষেত্রে গাদ্দারি করতে ৬ মিনিট সময় বিলম্ব করেননি। সংসদ সদস্যের শপথ নিলেন, কারণ সংসদ সদস্যের শপথ নিলে সরকার গঠন করা যায়, মন্ত্রী হওয়া যায়। একই দিনে একই নির্বাচন কমিশনের অধীনে দেশজুড়ে দুইটি ভোট হয়েছে। ভোটে আপনারা ইঞ্জিনিয়ারিং করে আমাদের নিশ্চিত আসনের বিজয় ছিনিয়ে নিয়েছেন। দেশের মানুষ তা সাক্ষী।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা মামুনুর রশীদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হোসাইন আহমদ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী, নারায়ণগঞ্জ মহানগরীর সহ সভাপতি খন্দকার আনোয়ার ও সাধারণ সম্পাদক আল আমিন রাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।