রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে দারুস সালাম এলাকা থেকে নূর আলম নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার নূর আলম শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর তাকে যুবদলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।