চট্টগ্রাম নগরের বাংলাবাজার এসআরবি রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে পড়ে থাকা রেলের পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ট্রেনের কয়েকটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ শুক্রবার বিকাল সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পরিত্যক্ত ট্রেনের পাশাপাশি থাকা অন্তত দুটি বগিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এর মধ্যে একটি বগির গায়ে ‘শোভন চেয়ার’ লেখা রয়েছে। আগুন লাগার পর বগিগুলোর জানালা ও দরজা দিয়ে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসে এবং চারপাশ ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ট্রেনের বগিগুলোতে লতাপাতা ও আগাছা জন্মেছিল।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকাল সোয়া ছয়টার দিকে হঠাৎ আগুন জ্বলে ওঠার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর ও আগ্রাবাদ স্টেশনের তিনটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সোয়া সাতটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনাস্থলের আশপাশে পানির পর্যাপ্ত উৎস না থাকায় আগুন নেভাতে কর্মীদের বেশ বেগ পেতে হয়। পানি স্বল্পতার কারণেই মূলত আগুন নেভানোর কাজ কিছুটা বিলম্বিত হয় এবং এর মধ্যেই বগিগুলো পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, কীভাবে ওই পরিত্যক্ত বগিগুলোতে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে পরিত্যক্ত বগিগুলোর কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা-ও এখনই নির্ধারণ করা সম্ভব হয়নি। পুরো বিষয়টি তদন্ত করে আগুন লাগার মূল কারণ উদ্ঘাটন করা হবে।