Image description

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি নিয়ে রাশিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে একটি বিমান। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়ামবাহী বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

 

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, রাশিয়া থেকে এরই মধ্যে বিমানটি যাত্রা শুরু করেছে। ভারতের একটি বিমানবন্দরে বিরতি নিয়ে সেটি ঢাকায় পৌঁছাবে।

 

 

মন্ত্রী জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের পর ইউরেনিয়ামের চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় চালানটি রূপপুরে পৌঁছে দেওয়া হবে।

 

জানা গেছে, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে নয়টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আসবে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব চালান বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

 

এর আগে ২০২৩ সালে রূপপুরের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি বাংলাদেশে আনা হয়। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়েছে।