Image description

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।

এ দাবিতে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শাটডাউন কর্মসূচিও ১১তম দিনে গড়িয়েছে।

আজ জুমার নামাজের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির পক্ষে অবস্থান নেন।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। মিছিলটি ক্যাম্পাসের কয়েকটি গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। আন্দোলনের কারণে টানা ১১ দিন ধরে চুয়েটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে।

এর আগে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের যোগদানের বিরোধিতা এবং অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনে শিক্ষার্থীরা এখন পযর্ন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ, মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন, চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ, গণস্বাক্ষর, প্রতিবাদী কনসার্ট, মুখোশ মিছিল দেয়াল লিখন ও প্রতিবাদী গ্রাফিতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের দাবি, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি জানিয়ে চুয়েট শিক্ষকরাও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।

এদিকে আন্দোলনের মধ্যেই ২৪ সেপ্টেম্বর বিকালে অনলাইনে উপাচার্য হিসেবে যোগ দেন অধ্যাপক শেখ শরীফুল আলম। তবে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারলেও চট্টগ্রামের সার্কিট হাউজে অবস্থান করছেন তিনি।

 

গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চুয়েটের উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। মাত্র ৫৬ দিনের মাথায় আকস্মিক এই পরিবর্তন মানতে না পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন শুরু করেন।