Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে মো. মাছুম মিঞা নামে এক সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে তার বাম চোখের ওপরের অংশে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। তাকে রক্ষা করতে এগিয়ে এসে হামলার শিকার হয়েছেন তার বড় ভাই মাসুদ মিঞাও। ঘটনার সময় তার কাছে থাকা ২৫ হাজার টাকাও ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ থানাধীন মঠের ঘাট এলাকার ঘটনা এটি। আহত সাংবাদিক মাছুম মিঞা দৈনিক যুগযুগান্তর পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যম এমএইচ নিউজ-২৪-এর রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় মাছুম মিঞা রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জাঙ্গীর এলাকার শাহিদুল ইসলাম সাহেদ (৩০), মো. জাহিদুল (৪০), মো. আবু সাঈদসহ (৩৫) অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্র জানায়, গত ১৩ আগস্ট অভিযুক্তদের বিষয়ে অনলাইনে একটি সংবাদ প্রকাশের পর থেকেই সাংবাদিক মাছুম মিঞাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে মঠের ঘাট এলাকায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র, ধারালো ছেনদা, চাপাতি ও লোহার রড নিয়ে তার গতিরোধ করেন। এ সময় অভিযুক্তদের একজন চাপাতি দিয়ে মাছুম মিঞার বাম চোখের ওপরের অংশে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে রক্ষা করতে তার বড় ভাই মাসুদ মিঞা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে তার পকেট থেকে নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

রূপগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।