Image description

নৌপথে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। একইসঙ্গে যাত্রীবাহী নৌযানে নির্ধারিত ভাড়ার ডিজিটাল তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে তিনি টার্মিনালের ব্যবস্থাপনা, যাত্রীসেবা, লঞ্চ চলাচল, ভাড়া আদায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।

রাজিব আহসান বলেন, ‘যাত্রীদের কাছ থেকে কোনওভাবেই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।’ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

যাত্রীরা যাতে সহজেই নির্ধারিত ভাড়া জানতে পারেন, সে জন্য সদরঘাটসহ সব যাত্রীবাহী নৌযানে দৃশ্যমান স্থানে ভাড়ার ডিজিটাল তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এতে ভাড়া নিয়ে বিভ্রান্তি ও যাত্রী হয়রানি কমবে বলে জানান তিনি।

যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনও যাত্রী যেন হয়রানি বা অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হন। কর্মকর্তা-কর্মচারী ও নৌযান শ্রমিকদের যাত্রীদের সঙ্গে দায়িত্বশীল ও সৌজন্যমূলক আচরণেরও নির্দেশ দেন তিনি।

সদরঘাট টার্মিনালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, যাত্রীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং পরিবেশ উন্নয়নের বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি বিদ্যমান অবকাঠামো পর্যালোচনা করে আধুনিক ও যাত্রীবান্ধব অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিতে বলেন।

তিনি বলেন, যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

পরিদর্শনের সময় লঞ্চে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন রাজিব আহসান। নিয়মিত টার্মিনাল ও নৌযান পরিদর্শনের জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।