Image description

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদমাধ্যমের নামে পরিচালিত পেজগুলোর বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


তথ্য প্রতিমন্ত্রী বলেন, ওয়েব ব্রাউজারে পরিচালিত অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুলে নিজেদের সংবাদমাধ্যম হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। অনিবন্ধিত এসব অনলাইন সংবাদমাধ্যম ও পেজ নিয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠকে আলোচনা চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে।


বৈঠকে তিনি সাংবাদিকের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা নির্ধারণের ওপর জোর দেন। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক সংগঠন, পত্রিকার সম্পাদক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই এই সংজ্ঞা নির্ধারণ করা হবে, যা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা ও নীতিমালার ক্ষেত্রে মানদণ্ড হিসেবে কাজ করবে। সাংবাদিক নেতাদের কাছ থেকেই সরকার এই সংজ্ঞা পেতে চায় বলে তিনি উল্লেখ করেন।


টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো থাকা উচিত উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, সরকার এ বিষয়ে কাজ করছে এবং দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে। ন্যূনতম বেতন কাঠামো নিশ্চিত করা গেলে টেলিভিশন সাংবাদিকদের মানোন্নয়নের পাশাপাশি গণমাধ্যমের সামগ্রিক মানও উন্নত হবে। নতুন ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতা নিশ্চিত করতে শ্রম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ডিবিসি