ইতালির জ্বালানি কোম্পানি এডিসনসহ এশিয়ার কয়েকটি ক্রেতাকে নির্ধারিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করবে না কাতারএনার্জি। এ তালিকায় বাংলাদেশ ও পাকিস্তানের নামও রয়েছে। বাণিজ্য সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউরোপে কাতারএনার্জির অন্যতম বড় ক্রেতা এডিসন গতকাল জানিয়েছে, ডিসেম্বরের শুরু পর্যন্ত তারা কাতার থেকে কোন এলএনজি কার্গো পাবে না। এপ্রিলে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সরবরাহে বিঘ্ন দেখা দেওয়ার পর প্রথমবার ‘ফোর্স মেজর’ নোটিশ জারি করা হয়েছিল। এরপর এটি কয়েক দফা বাড়ানো হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে কাতারএনার্জির সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি।
ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি কাতার। রয়টার্সের হিসাব অনুযায়ী, আগস্টের শেষ নাগাদ দেশটির এলএনজি রপ্তানি ৯৬ শতাংশ কমে গেছে।
হরমুজ প্রণালি দিয়ে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো গোপনে তেল রপ্তানি করতে সক্ষম হলেও কাতারের এলএনজি রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান আইসিআইএসের তথ্য অনুযায়ী, আগস্টের শেষ পর্যন্ত কাতার মাত্র ১৮টি এলএনজি কার্গো রপ্তানি করতে পেরেছে। গত বছরের একই সময়ে দেশটি রপ্তানি করেছিল ৫০৯টি কার্গো।
এদিকে, কয়েক দিনের মধ্যেই ইউরোপে শীতকালীন জ্বালানি ব্যবহারের মৌসুম শুরু হচ্ছে। ফলে বছরের সবচেয়ে ঠান্ডা সময়ের আগে গ্যাসের মজুত পূরণ করতে ইউরোপীয় ক্রেতাদের বিকল্প উৎসের দিকে যেতে হবে।
এতে সীমিত বৈশ্বিক এলএনজি সরবরাহ নিয়ে ইউরোপ ও এশিয়ার ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা আরও বাড়তে পারে। একই সঙ্গে গ্যাসের দামও উচ্চ পর্যায়ে থাকতে পারে।
ইতালি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত গ্যাস মজুতের লক্ষ্যমাত্রা পূরণে তারা আত্মবিশ্বাসী। তবে জার্মানিসহ কয়েকটি দেশ দ্রুত গ্যাস মজুত পূরণে কাজ করছে।
ইতালির একটি জ্বালানি বাজার প্ল্যাটফর্মে দেওয়া বার্তায় এডিসন জানিয়েছে, কাতারএনার্জি আরও ছয়টি এলএনজি কার্গো বাতিল করবে। এর ফলে এখন পর্যন্ত কাতার থেকে এডিসনের না পাওয়া কার্গোর সংখ্যা দাঁড়াবে ৩৫টিতে।
ফ্রান্সের সরকারি মালিকানাধীন জ্বালানি কোম্পানি ইডিএফের ইতালীয় সহযোগী প্রতিষ্ঠান এডিসন এখন পর্যন্ত ২৩টি কার্গোর বিকল্প ব্যবস্থা করেছে। ঘাটতি সরবরাহ পূরণে তারা মূলত যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের কাছ থেকে এলএনজি সংগ্রহ করছে।
কাতারএনার্জির সঙ্গে এডিসনের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতি বছর ইতালিতে ৬ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহ করার কথা কাতারের। যা ইতালির মোট গ্যাস ব্যবহারের প্রায় ১০ শতাংশ। ২০০৯ সালে কার্যকর হওয়া চুক্তিটির মেয়াদ মোট ২৫ বছর।