Image description
বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে ভাঙচুর ও মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেয়ার অভিযোগে মো. ফায়জুল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ফায়জুলের দেয়া তথ্যের ভিত্তিতে চার্চের পাশের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
 
 
পুলিশ সুপার জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের বারান্দার দেয়ালের সঙ্গে থাকা একটি কাচের বক্স ভাঙচুর করা হয়। পরে ওই বক্সের ভেতরে থাকা মা মারিয়ার মূর্তিটি নিয়ে পাশের পুকুরে ফেলে দেয়া হয় বলে অভিযোগ।
 
এ ঘটনায় সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় মামলা করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযানে ফায়জুল শেখকে গ্রেপ্তার করে।
 
পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে ফায়জুলের দেয়া তথ্য অনুযায়ী চার্চের পশ্চিম পাশের পুকুরে অভিযান চালানো হয়। সেখান থেকে পানির নিচে থাকা মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয়।
 
গ্রেপ্তার ফায়জুল শেখ চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের সোহরব শেখের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে।
 
উদ্ধার করা মূর্তিটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। গ্রেপ্তার ফায়জুল শেখকে বৃহস্পতিবার রাতেই আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।