Image description

সংসদে হাতিয়ার নৌঘাটসহ বিভিন্ন বিষয়ে বিএনপিকে জড়িয়ে ‘মিথ্যা ও জনবিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তোপের মুখে পড়েছেন হাতিয়ার সংসদ সদস্য হান্নান মাসউদ। এ সময় ছাত্রদল ও এনসিপির অনুসারীদের মধ্যে দফায় দফায় হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভার শুরুতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে উপজেলা পরিষদে যাওয়ার পথে এমপি হান্নান মাসউদ ও তার নেতাকর্মীরা পরিষদ ভবনের প্রবেশদ্বারে ছাত্রদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। এ সময় এমপিও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে সভায় আসা কয়েকজন বিএনপি নেতার হস্তক্ষেপে তাকে সভাকক্ষে নিয়ে যাওয়া হয়।

 

অভিযোগ রয়েছে, জাতীয় সংসদ, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং এনসিপির দলীয় কর্মী সমাবেশে হাতিয়া বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা ও জনবিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন এমপি হান্নান মাসউদ। এর জেরেই ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন।

 

সভা চলার শেষদিকে বাইরে আবারও এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। বিষয়টি জানতে পেরে এমপি হান্নান মাসউদ সভায় বক্তব্য না দিয়েই বাইরে বেরিয়ে যান। সেখানে তিনি নিজেও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হট্টগোল ও কিল-ঘুসির ঘটনা ঘটে।

এতে উপজেলা যুবশক্তির সদস্যসচিব ছাইফুল ইসলাম রাকিব এবং ছাত্রদলের নেতা আকরাম, সাকিব, সাখাওয়াত হোসেন হিরো, আজাদ ও আকরাম আহত হন। পরে প্রশাসন ও বিএনপির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

 

এর আগে শ্রমিকশক্তির সভাপতি আবীর হোসেন তার স্ত্রীকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজে ভর্তি করাতে নিয়ে গেলে ছাত্রদলের কর্মীরা তাকে মারধর করে আহত করেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া বিকালে উপজেলা মসজিদ মার্কেটের সামনে প্রধান সড়কে ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. ছাইফুল ইসলামকে ছাত্রদলের কর্মীরা কিল-ঘুসি মেরে আহত করেন বলে জানা গেছে।

উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এমপি হান্নান মাসউদ প্রায় এক ঘণ্টা ইউএনওর কার্যালয়ে অবস্থান করেন। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাসভবনে চলে যান।

 

ঘটনার বিষয়ে হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক শামছুল তাবরীজ মন্তব্য করেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। তার ভাষ্য, ছাত্রদলের বিভিন্ন কর্মকাণ্ডে তারা বেপরোয়া হয়ে গেছে। আজকের আইনশৃঙ্খলা সভায় পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

 

হাতিয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল দাবি করেন, স্থানীয় এমপি হান্নান মাসউদ জাতীয় সংসদসহ বিভিন্ন জায়গায় বিএনপিকে জড়িয়ে উসকানিমূলক ও মিথ্যা বক্তব্য দেওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। তবে এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিএনপির কোনো নির্দেশনা ছিল না।