Image description

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের লেখা ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বই নিয়ে ‘জুলাই বুক রিভিউ প্রতিযোগিতা–২০২৬’-এর ঘোষণা দিয়েছে পয়গাম প্রকাশন। বুধবার বাদ মাগরিব রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী বইমেলার শাপলা কর্নারে এ প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক।

 

প্রতিযোগিতায় লিখিত রিভিউ ও ভিডিও রিভিউ—এই দুটি বিভাগ রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগীদের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইটি পড়ে জুলাইয়ের ইতিহাস, ঘটনাপ্রবাহ ও তাৎপর্য নিয়ে নিজেদের পাঠ-অনুভূতি, বিশ্লেষণ ও উপলব্ধি তুলে ধরতে হবে।

 

দুই বিভাগেই প্রথম পুরস্কার হিসেবে ৮ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা সমমূল্যের বুক গিফট ভাউচার দেওয়া হবে। এ ছাড়া দুই বিভাগ মিলিয়ে সেরা ছয়জনকে ১ হাজার টাকা সমমূল্যের বিশেষ বুক গিফট ভাউচার দেওয়া হবে।

 

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এসব ভাউচার ব্যবহার করে আন্তর্জাতিক ইসলামী বইমেলা থেকে সমমূল্যের বই কেনা যাবে।

 

২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় রিভিউ জমা দেওয়ার শেষ সময় ৫ অক্টোবর ২০২৬ রাত ১২টা। রিভিউয়ের মান, বিশ্লেষণ, মৌলিকত্ব, উপস্থাপন ও সৃজনশীলতার পাশাপাশি পাবলিক রেসপন্সও বিবেচনায় নেওয়া হবে। তবে শুধু লাইক ও কমেন্টের সংখ্যার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে না বলে জানিয়েছে আয়োজকরা।

 

প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযোগীকে নিজের রিয়েল বা ব্যক্তিগত ফেসবুক আইডি কিংবা পেজ থেকে রিভিউ পোস্ট করতে হবে এবং পোস্টটি Public রাখতে হবে।

 

লিখিত রিভিউয়ের ক্ষেত্রে বইটির ছবি পোস্টে যুক্ত করা বাধ্যতামূলক। অন্যদিকে ভিডিও রিভিউতে প্রতিযোগীর হাতে বইটি দৃশ্যমান থাকতে হবে। রিভিউ পোস্ট করার পর নির্ধারিত পোস্টের কমেন্টে রিভিউয়ের লিংক জমা দিতে হবে।

 

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, কৃত্রিমভাবে লাইক-কমেন্ট বাড়ানোর চেষ্টা কিংবা অন্যের কনটেন্ট ব্যবহার করা হলে সংশ্লিষ্ট রিভিউ বাতিল করা হতে পারে।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্ধারিত হ্যাশট্যাগ #জুলাই_কেন_আমাদের_লড়াই? ব্যবহার করতে হবে।

 

আয়োজকদের আশা, এ প্রতিযোগিতার মাধ্যমে ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইটি নিয়ে পাঠকদের মধ্যে পাঠ, বিশ্লেষণ ও আলোচনা আরও বিস্তৃত হবে।