চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমকে ‘ল্যাংটা করে পেটানোর’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিল হোসেন ওরফে বগার বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার রাতে তার বিরুদ্ধে মামলা নেওয়ার পর থানার এক কর্মকর্তাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম। তিনি জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ওয়াকিল হোসেন বগা নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক।
ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, ‘বগার বিরুদ্ধে মামলা নেওয়ার পর গতকাল রাতে আমাদের এক কর্মকর্তাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করেন। একপর্যায়ে আমাকে ল্যাংটা করে পেটানোর হুমকি দেন। আমি এসব হুমকিতে ভয় পাই না। জনগণের জানমাল রক্ষায় সব সময় সচেষ্ট থাকব।’
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট নগরের পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধর করার অভিযোগ ওঠে ওয়াকিল হোসেনের অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষক গত ৩ সেপ্টেম্বর খুলশী থানায় মামলা করেন। মামলায় ওয়াকিল হোসেনকেও আসামি করা হয়েছে।
মামলার পর আজ শুক্রবার ভোররাত সাড়ে চারটার দিকে ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁর অনুসারীরা রাস্তায় ব্যারিকেড তৈরি করে পুলিশের পথ আটকে দেওয়ার চেষ্টা করেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, একপর্যায়ে পুলিশের সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল, বোতল ও ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করা হয়। এতে খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম, তাঁর বডিগার্ডসহ ছয় পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয়।
পুলিশ আরও জানায়, হামলার পর ওয়াকিল হোসেন তাঁর বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।