Image description

তীব্র গ্যাস সংকটের মধ্যে পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়েছে সরকার। সংকটের কারণ ও বর্তমান পরিস্থিতি জানতে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে জ্বালানি সচিব মো. জিয়াউল হককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্রুত সংকট মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

জ্বালানি বিভাগের একটি সূত্র জানায়, আজ সকালে প্রধানমন্ত্রী জ্বালানি সচিব মো. জিয়াউল হকের কাছে জ্বালানি সরবরাহ পরিস্থিতির খবর নেন। ওই বৈঠকে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 

তবে অনানুষ্ঠানিক এই বৈঠক নিয়ে বিস্তারিত কোনও বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জ্বালানি সচিবের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। 

এলো নতুন কার্গো

এদিকে আজ বিকেল ৪টার দিকে সামিটের এলএনজি টার্মিনালে একটি কার্গো এসে পৌঁছেছে। তবে নতুন এই কার্গো থেকে তাৎক্ষণিকভাবে জাতীয় গ্রিডে অতিরিক্ত গ্যাস যোগ হওয়ার সম্ভাবনা নেই। কারণ সামিটের টার্মিনাল বর্তমানে সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী গ্যাস সরবরাহ করছে। ফলে সরবরাহ বাড়াতে এখন অপেক্ষা করতে হচ্ছে নতুন আরেকটি কার্গোর জন্য। আগামী ২৩ আগস্ট সেই কার্গোটি আসার কথা রয়েছে।

 

পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৩ আগস্ট আরেকটি এলএনজি কার্গো দেশে পৌঁছানোর কথা রয়েছে। সেটি এলে এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকেও আবারও গ্যাস সরবরাহ শুরু করা সম্ভব হবে। তার আগে এলএনজি থেকে জাতীয় গ্রিডে সরবরাহ বাড়ানোর সুযোগ নেই।

সংকটের মধ্যে আজ বিকেলে অর্থ বিভাগের সঙ্গে এলএনজি আমদানি ও অর্থায়ন নিয়ে বৈঠক করেছে জ্বালানি বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত গ্যাস সরবরাহ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।