ময়মনসিংহের হালুয়াঘাট থানা থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আদালতে নেয়ার পথে নাগলতা বাজারে সিএনজি থেকে লাফ দিয়ে হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের দিকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে পালিয়ে যাওয়া ঐ আসামীর নাম জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট সার্কেলের এএসপি মো. মিজানুর রহমান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সিএনজি অটোরিকশা দিয়ে থানা থেকে ময়মনসিংহ আদালতে নেয়ার পথে নাগলা বাজার মোড় থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামি হ্যান্ডকাফ পরা অবস্থায় সিএনজি থেকে লাফ দিয়ে দৌড়ে শাকুয়াই সড়কের দিকে পালিয়ে যায়।
ঘটনার পর পরই পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান করে। কিন্তু এখন পর্যন্ত পলাতক আসামিকে আটক করতে পারেনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফেরদৌস আলম।
বিষয়টি নিয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলমের সরকারি নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে হালুয়াঘাট সার্কেলের এএসপি মো. মিজানুর রহমান জানান, শুনেছি একজন ওয়ারেন্টভুক্ত আসামি পালিয়েছে। তাকে খুঁজে বের করার জন্য চেষ্টা করা হচ্ছে।