Image description

জনপ্রিয় ভারতীয় টিভি অভিনেত্রী দীপিকা কাকারের ইসলাম ধর্ম গ্রহণ এবং ২০১৮ সালে অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করা নিয়ে এতদিন ভক্তদের মাঝে নানা ধরনের গুঞ্জন ছিল। অনেকেই মনে করতেন বিয়ের খাতিরেই হয়তো তিনি ধর্ম পরিবর্তন করেছেন। তবে দীর্ঘদিনের সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করলেন দীপিকার ‘শ্বশুরাল সিমর কা’ ধারাবাহিকের জ্যেষ্ঠ সহ-শিল্পী জয়তী ভাটিয়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়তী জানান, কোনো সামাজিক চাপ বা বিয়ের শর্তের কারণে নয়, বরং একেবারেই নিজের ব্যক্তিগত অনুভূতি ও আত্মিক শান্তি থেকেই ইসলাম গ্রহণ করেছিলেন দীপিকা।

উপস্থাপক সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়তী ভাটিয়া স্মৃতিচারণ করে বলেছেন, ‘শ্বশুরাল সিমর কা’ নাটকের সেটেই দীপিকা ও শোয়েবের সম্পর্কের সূচনা হয়।

পরবর্তীতে তিনি নিজেই দীপিকাকে ধর্ম পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করেছিলেন। জয়তীর ভাষায়, ‘আমি দীপিকাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম, সে কি বিয়ের কারণে ধর্মান্তরিত হয়েছিল? সে পরিষ্কার না বলেছিল। সেই সময়টাতে দীপিকা জীবনের খুব কঠিন এক মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। সেই কঠিন সময়ে সে রাজস্থানের আজমীর শরীফ দরগাহে যায়। সেখানে প্রার্থনা করে সে যে অভূতপূর্ব আত্মিক শান্তি ও মানসিক শক্তি পেয়েছিল, তা থেকেই সে নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেয়। এখানে বিয়ের কোনো ভূমিকা ছিল না।’

 

দীপিকা তার স্বামীর ধর্মের কাছে আত্মসমর্পণ করেছেন, সমালোচকদের এমন মন্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন জয়তী। তিনি জানান, দীপিকা ও শোয়েব দুজনই সম্পর্কের ক্ষেত্রে সমানভাবে দায়িত্বশীল। দীপিকা যেমন বছরের পর বছর ধরে শোয়েবের পুরো পরিবারকে আগলে রেখেছেন, ঠিক তেমনি দীপিকার প্রতিটি কঠিন পরিস্থিতিতে শোয়েবও তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছেন।

২০২৫ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে নিয়মিত সামাজিক মাধ্যমে ও ব্লগে নিজের চিকিৎসা ও সুস্থতার আপডেট দিয়ে আসছেন দীপিকা। জয়তী আরও মনে করিয়ে দেন, তাদের অফিশিয়াল ভ্লগের নামও ‘দীপিকা কি দুনিয়া’।

২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জনপ্রিয় তারকা দম্পতির সংসারে রুহান নামে ৩ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। সব বিতর্ক পেছনে ফেলে নিজেদের সংসারে বেশ সুখে-শান্তিতে দিন কাটাচ্ছেন এই জুটি।