যশোরের মনিরামপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। আবেদনকারীদের দাবি, পোস্টটি তাদের মানসিকভাবে নিরুৎসাহিত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে এলে পরে পোস্টটি মুছে ফেলা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে মনিরামপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগের দিন মঙ্গলবার রাত ১১টা ৪৭ মিনিটে ‘Joyful Manirampur’ নামের একটি ফেসবুক আইডি থেকে একটি পোস্ট প্রকাশ করা হয়।
পোস্টটির শুরুতে লেখা ছিল, ‘ফ্যামিলি কার্ড শুমারি: আবেদনের আগে একবার ভাবুন!’
সেখানে চারটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সেগুলো হলো—কঠোর নির্ভুলতা, প্রযুক্তিনির্ভর নজরদারি, কঠিন শারীরিক পরিশ্রম এবং সীমিত জনবলে দ্বিগুণ কাজের চাপ।
পোস্টের শেষে বলা হয়, যাদের মাঠপর্যায়ে কঠোর পরিশ্রম করার মানসিকতা নেই, তাদের এই কাজে না আসাই ভালো।
এ ছাড়া ‘সাধু সাবধান’ শিরোনামে সতর্ক করে বলা হয়, অনৈতিক কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করলে পারিশ্রমিক কর্তন থেকে শুরু করে জেল-জরিমানার মতো শাস্তির মুখে পড়তে হতে পারে।
তবে নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে এমন সতর্কতামূলক পোস্ট প্রকাশের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন আবেদনকারীরা। তাদের অভিযোগ, সরকারি একটি গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষার ঠিক আগে এ ধরনের বার্তা প্রকাশ তাদের মানসিকভাবে প্রভাবিত করেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে এলে সংশ্লিষ্ট ফেসবুক আইডি থেকে পোস্টটি মুছে ফেলা হয়।
এ বিষয়ে মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, ‘Joyful Manirampur’ আইডিটি উপজেলা প্রশাসনের কোনো একজন কর্মকর্তা পরিচালনা করে থাকতে পারেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিংবা তিনি নিজে ওই আইডির প্রশাসক নন।
তবে পোস্টটি কে দিয়েছেন, কী উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে এবং এটি উপজেলা প্রশাসনের আনুষ্ঠানিক অবস্থান কি না—এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘Joyful Manirampur’ নামে ফেসবুক আইডিটি ২০২৪ সালের ১২ ডিসেম্বর চালু করা হয়। এরপর থেকে উপজেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সরকারি তথ্য এবং বিভিন্ন নোটিশ নিয়মিত এই আইডি থেকে প্রকাশ করা হচ্ছে। ফলে স্থানীয়দের কাছে এটি প্রশাসনের তথ্য প্রকাশের একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে।
স্থানীয় একটি সূত্রের দাবি, বিগত সরকারের সময় তৎকালীন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ঘনিষ্ঠ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসানের একনিষ্ঠ এক কম্পিউটার অপারেটর দীর্ঘদিন ধরে আইডিটি পরিচালনা করে আসছেন। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।