Image description

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, বিএনপি নেতা হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আলোচিত মনোয়ার হোসেন জীবন ওরফে ‘লেদু হাসান’কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

আজ বুধবার (২৯ জুলাই) সকালে র‍্যাব-২ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, লেদু হাসানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩৬টি মামলা রয়েছে। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২-এর একটি দল মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে লেদু হাসানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বুধবার বিকেল ৩টায় রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

স্থানীয়দের অভিযোগ, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিয়ন্ত্রণে লেদু হাসানের নাম দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল।

এর আগে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল বলে জানা যায়।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, লেদু হাসানের বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তার গ্রেপ্তারের পর মোহাম্মদপুর-আদাবর এলাকার অপরাধ কার্যক্রম নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্টরা।

ঢাকাটাইমস