Image description

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকা থেকে মিয়ানমারের অভ্যন্তরে প্রায় ৫০০ মিটার ভেতরের গরবিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন আউং থা পায়া পোস্টের আওতাধীন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আহত আব্দুল করিম নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মকতুল হোসেনের ছেলে।

 
 
 

স্থানীয় সূত্র জানায়, তিনি আরও তিনজনের সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখানে হঠাৎ একটি স্থলমাইন বিস্ফোরণ ঘটলে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণের পর তার সঙ্গে থাকা অপর তিনজন ঘটনাস্থল ছেড়ে আত্মগোপনে চলে যান। স্থানীয়দের সহায়তায় আহত আব্দুল করিমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

 
 

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির বলেন, প্রাথমিক তথ্যানুযায়ী ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে এবং একটি স্থলমাইনের বিস্ফোরণে ওই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সংস্থার সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

তিনি আরও বলেন, সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষকে অপ্রয়োজনে যাতায়াত না করার জন্য বিজিবির পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানা এলাকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মো. কামাল মিয়া জানান, আহত যুবককে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে নজরদারি অব্যাহত রয়েছে।