Image description

ক্রিকেট ভদ্রলোকের খেলা হিসেবে পরিচিত হলেও মাঝে মাঝে এর মাঠে ঘটে যায় অদ্ভুত ও অবিশ্বাস্য সব ঘটনা। সম্প্রতি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এমনই এক নজিরবিহীন প্রতারণার ঘটনা ঘটেছে, যা নিয়ে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল সল্টবার্ন ও মিডলসব্রো ক্রিকেট দল। ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্রিজে ছিলেন মিডলসব্রোর ব্যাটার নোমান শাবির।

বিজ্ঞাপন

ব্যাট করার সময় বোলারের করা একটি বল নোমানের ব্যাটের পাশ দিয়ে সরাসরি উইকেটরক্ষকের গ্লাভসে গিয়ে জমা হয়। নিয়ম অনুযায়ী বলটি ব্যাটে স্পর্শ না করায় সেটি আউট হওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু ঠিক সে মুহূর্তে স্লিপে দাঁড়িয়ে থাকা সল্টবার্নের এক ফিল্ডার বুদ্ধিমত্তা ও অসদুপায় দুটিরই আশ্রয় নেন। তিনি বল ব্যাটে লাগার মতো নিখুঁত শব্দ তৈরি করতে নিজের আঙুল ফুটিয়ে ক্যাচ ধরার মতো কৃত্রিম শব্দ করেন।

স্লিপ ফিল্ডারের করা সেই আকস্মিক শব্দে বিভ্রান্ত হয়ে পড়েন অনফিল্ড আম্পায়ার। বল ব্যাটে লেগেছে ধরে নিয়ে তিনি তৎক্ষণাৎ ব্যাটার নোমান শাবিরকে ক্যাচ আউট বলে ঘোষণা করেন। মাঠের এমন অদ্ভুত কাণ্ডে হতবাক হয়ে যান খোদ ব্যাটার ও ফিল্ডিং দলের অনেকেই। পরবর্তীতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

মাঠের এই বিতর্কিত ঘটনার সুযোগ নিয়ে শেষ পর্যন্ত ম্যাচটিতে ১৫৯ রানের বড় জয় তুলে নেয় সল্টবার্ন। তবে জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। অভিনব কায়দায় আম্পায়ারকে বিভ্রান্ত করার এবং এই প্রতারণার ভিডিও সামনে আসার পর নড়েচড়ে বসেছে লিগ কর্তৃপক্ষ। ঘটনাটির সত্যতা যাচাই ও জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে এরই মধ্যে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

ক্রিকেট মাঠে স্পিরিট অব দ্য গেম বা খেলার সততা নিয়ে প্রশ্ন তোলার মতো এমন ঘটনা ভবিষ্যতে এড়াতে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন ক্রীড়া বিশ্লেষকরা।