Image description

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 'ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ‘আমরা বাংলাদেশি’ নামে এক সংগঠন।

বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি বলেন, ‘আজ যারা নিজেদের জুলাই আন্দোলনের একমাত্র দাবিদার হিসেবে উপস্থাপন করছেন, গত ১৭ বছর তারা কোথায় ছিলেন? এটি অবশ্যই প্রশ্নসাপেক্ষ। আমরা যুগপৎ আন্দোলন করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধভাবে আন্দোলন পরিচালনা করেছি। অথচ ৫ আগস্টের পর কেউ কেউ দাবি করছেন, কেবল তারাই আন্দোলন করেছে। এটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব আওয়ামী লীগ নেতা-কর্মী দেশ ছেড়ে পালিয়ে যাননি। সবার বিরুদ্ধে একই ধরনের অভিযোগও নেই। অথচ সংসদে বিরোধী দল এখন ভালো আওয়ামী লীগকে সঙ্গে নেওয়ার কথা বলছে। এখান থেকেই বিভেদের রাজনীতি শুরু হচ্ছে। নির্বাচনের আগে আমরা শুনেছি, তাদের অনেক নেতা অস্বাভাবিক সম্পদের মালিক হয়েছে। কারও ব্যক্তিগত সহকারী বা পিএসের কাছ থেকেও বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমরা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া অনেকের সঙ্গেও কথা বলেছি।’

বিরোধী দলের সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, ১৯৭১ সালের প্রসঙ্গ বাদই দিলাম। ১৯৮৬ সালে স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো আন্দোলনেই তারা ছিল না। তারা ভেবেছিল এবার ক্ষমতায় আসবে। কিন্তু বাস্তবতা ভিন্ন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘তারা কিছু আসন পেলেও অনেক জায়গায় বিএনপির একাধিক প্রার্থী থাকায় ভোট বিভক্ত হয়েছে। এ ছাড়া কিছু আসনে প্রবাসী ভোটেও আমাদের দুর্বলতা ছিল। ভবিষ্যতে এসব বিষয়ে আরও সতর্ক থাকতে হবে, যাতে সংশ্লিষ্ট আসনগুলোতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়।’

সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে এ্যানি বলেন, ‘আমরা ১৭ বছর সংগ্রাম করেছি। মানুষের প্রত্যাশা অনেক। তারা স্বাভাবিক জীবন চায়। বর্তমান সরকারের মাত্র পাঁচ মাস হয়েছে। এত অল্প সময়ে সব সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। তবে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। সবাই সহযোগিতা করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।’