একজন মানুষ বাতাসের মধ্যে দাঁড়িয়ে গান শুনছেন—এটি নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে? এমন প্রশ্ন তুলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সিলেটের ফেঞ্চুগঞ্জের স্কুলশিক্ষক বিউটি রানী পালের ভিডিও ঘিরে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে মঙ্গলবার (২৮ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এদিন দুপুরে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ববি হাজ্জাজ।
বিউটি রানী পালের প্রসঙ্গ তুলে এক সাংবাদিক প্রশ্ন করলে প্রতিমন্ত্রী বলেন, এটা নিয়ে কোনো কথা হবে না। একজন মানুষ বাতাসের মধ্যে দাঁড়িয়ে গান শুনছেন, তা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে? আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা যদি এখন বলেন, তিনি এ কথা বললেন কেন? আসুন, এটা নিয়ে আলোচনা-সমালোচনা করি—তবে কেমন দেখায়?
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এ বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা যা করার তো আপনারাই করছেন। সাধারণ জনগণ বা অন্য কেউ কিন্তু এটি করছে না।
সম্প্রতি বৃষ্টির একটি গানের সঙ্গে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার পর একটি গোষ্ঠীর তোপের মুখে পড়েন সিলেটের ওই স্কুলশিক্ষক বিউটি রানী পাল। তার বিরুদ্ধে টিকটক করার অভিযোগ তুলে ফেসবুকে অনেকে তাকে নিয়ে ট্রল ও সাইবার হেনস্তা শুরু করেন।
তবে এমন পরিস্থিতিতে বিউটি পালের পাশে দাঁড়িয়েছেন তার সহকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ। অভিনব পন্থায় ভিডিও বানিয়ে তারা এই ট্রলের প্রতিবাদ জানান। বিউটি পালের প্রতি সংহতি জানিয়ে অনেকেই ফেসবুকে ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সঙ্গে নিজেদের ভিডিও আপলোড করছেন।
শিক্ষক বিউটি রানী পাল ২০২৬ সালে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী।
তার বিরুদ্ধে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের ঘটনায় তিনি ইতোমধ্যে আইনের আশ্রয় নিয়েছেন। ফেঞ্চুগঞ্জ থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি। বিষয়টি নিয়ে পুলিশের সাইবার বিভাগ তদন্ত করছে বলে থানা-পুলিশ সূত্রে জানা গেছে।