জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের নিষিদ্ধ পিরানহা মাছ খাওয়ানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল-সংলগ্ন ‘লামিসা হোটেল’ থেকে এই মাছ জব্দ করে প্রশাসন।
শহীদ রফিক-জব্বার হলের প্রভোস্ট আবদুছ ছাত্তার বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে প্রশাসনের সঙ্গে অংশ নেওয়া শহীদ রফিক-জব্বার হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) শরিফুল ইসলাম স্ট্রিমকে জানান, তাদের কাছে পিরানহা মাছের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। দুপুরে বিভিন্ন হোটেলে তল্লাশি চালানো হয়। লামিসা হোটেলে এক কর্মচারীকে পিরানহা মাছ পরিষ্কারের সময় হাতেনাতে ধরা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, হোটেলে রূপচাঁদা বলে পিরানহা খাওয়ানো হয়। পরে হোটেলটি সাময়িক বন্ধ করা হয়।
তিনি বলেন, অভিযান শেষে সবার উপস্থিতিতে হোটেল মালিকের স্ত্রী পলাশ নামে এক সরবরাহকারীকে ফোন দেন। তিনি জানান– শুধু লামিসা নয়, বটতলার কয়েকটি বড় হোটেলেও রূপচাঁদা নামে পিরানহা মাছ তারা সরবরাহ করেন।
এ ব্যাপারে জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হুসনে মোবারক বলেন, ‘অভিযোগের সত্যতা যাচাইয়ে বটতলার খাবারের দোকানগুলোতে তল্লাশি করা হবে।’