গ্যাসের সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী জানালেন, আজ দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন তারেক রহমান। উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় আনোয়ার ইব্রাহিম এবং মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন তিনি। আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন, সংকট নিরসনে যা কিছু করার সুযোগ আছে দ্রুততম সময়ে টিম-সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করবেন।
তিনি জানান, জ্বালানি ক্ষেত্রে চাহিদা ও সরবরাহের যে গ্যাপ আছে, সেটি নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমান কথা বলেছেন। মালয়েশিয়া থেকে আমদানির সুযোগ নিয়ে কাজ চলছে। তাদের অভিজ্ঞতা, রিসোর্স দিয়ে কিভাবে সহায়তা করতে পারে এ নিয়ে বিস্তারিত কথা হয়েছে।
তিনি বলেছেন, দেশি বিশেষজ্ঞরা এফএসআরইউ-এর ত্রুটি সমাধানে প্রাণান্তকর চেষ্টা করছেন। আশা করছি, আগামী সপ্তাহের প্রথমে ২৮০ থেকে ৩৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে সক্ষম হবে এবং পরবর্তী সপ্তাহের শেষে পুরো এফএসআরইউ ফাংশনাল হবে।