Image description

নাটোরে নলডাঙ্গায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

 

সোমবার (২৭ জুলাই) বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন নলডাঙ্গা উপজেলার মোমিনপুর গ্রামের নিহত রাজ্জাক খাঁয়ের স্ত্রী মোছা. সালমা বেগম ও তার পরকীয়া প্রেমিক কৃষ্ণপুর দীঘা গ্রামের সোহরাব হোসেনের ছেলে আহম্মদ আলী।

 

মামলার এজাহার ও নাটোর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগরের দেওয়া তথ্যে জানা যায়, মোমিনপুর গ্রামের রাজ্জাক খাঁয়ের স্ত্রী সালমা বেগমের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন আহম্মদ আলী। বিষয়টি জানতে পেরে স্বজনেরা সালমাকে একাধিকবার নিষেধ ও সতর্ক করেন। তবে বাধা সত্ত্বেও তারা সম্পর্ক চালিয়ে যান।

 

 

২০২১ সালের ১৫ অক্টোবর রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন রাজ্জাক। গভীর রাতে সালমার চিৎকার শুনে পরিবারের সদস্যরা গিয়ে রাজ্জাকের ঘর থেকে বিছানার ওপর তার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

 

ঘটনার পরদিন ১৬ অক্টোবর নিহত রাজ্জাকের মা মোছা. আছিয়া বেগম বাদী হয়ে পুত্রবধূ সালমা ও প্রেমিক আহম্মদকে আসামি করে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ আসামিদের গ্রেপ্তার করলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিদের উপস্থিতিতে আজ এই রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের স্বজনেরা।