Image description

উপমহাদেশের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও বিশিষ্ট শায়খুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। তার এ সফরকে ঘিরে দেশের আলেম-ওলামা, কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সফরজুড়ে তিনি বিভিন্ন ইলমি সেমিনার, ইসলাহি মাহফিল ও ধর্মীয় সম্মেলনে অংশ নিয়ে কুরআন-সুন্নাহভিত্তিক দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

Advertisement

চার দিনের ব্যস্ত সফরসূচি

সফরসূচি অনুযায়ী আগামী ৪ আগস্ট ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ১২টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী। ঢাকায় পৌঁছে তিনি রাজধানীতে অবস্থান করবেন এবং রাতে মুফতি জহিরুল ইসলামের বাসভবনে বিশ্রাম নেবেন।

৫ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কেআইবি কমপ্লেক্সে ‘মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত একটি ইলমি সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সেমিনারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘হাদিস অনুসরণে সালাফের কর্মপন্থা: প্রসঙ্গ জামে তিরমিজি ও কিফায়াতুল মুগতাযি’।

দুপুরে তিনি মিরপুরের জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম গ্রহণ করবেন। পরে বিকেল ৩টায় একই প্রতিষ্ঠানে উলামায়ে কেরামের উদ্দেশ্যে বিশেষ নসিহত পেশ করবেন। বাদ মাগরিব রাজধানীর বসুন্ধরায় মারকাজুল ফিকরিল ইসলামি আয়োজিত ইসলাহি মাহফিলেও তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।

৬ আগস্ট সকাল ১০টায় হেলিকপ্টারযোগে বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। সেখান থেকে পিরোজপুরে গিয়ে আশরাফুল মাদারিসে আয়োজিত ‘তাহাফফুজে ফিকরে আকাবির’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একই দিন বাদ আসর ঢাকায় ফিরে রাতে উত্তরায় উলামা ও আইম্মা কাউন্সিল আয়োজিত ‘দেওবন্দের ঐতিহ্য ও খিদমত’ শীর্ষক সম্মেলনে অংশ নেবেন এবং উপস্থিত আলেম-ওলামাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করবেন।

সফরের শেষ দিন ৭ আগস্ট তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করবেন এবং মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করবেন। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

সফর বাস্তবায়ন কমিটির জ্যেষ্ঠ সদস্য ও খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ জানিয়েছেন, এই সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্তরের আলেম-ওলামা, শিক্ষার্থী ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। তার সফর দেশের ইসলামি শিক্ষা, গবেষণা এবং উলামায়ে কেরামের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানীর বাংলাদেশ সফর শুধু একটি আনুষ্ঠানিক সফর নয়; বরং এটি ইসলামি জ্ঞানচর্চা, উলামায়ে কেরামের পারস্পরিক যোগাযোগ এবং দ্বীনি ঐক্য ও সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তার মূল্যবান দিকনির্দেশনা দেশের ইসলামি অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে— এমন প্রত্যাশাই করছেন ধর্মপ্রাণ মানুষ ও সংশ্লিষ্ট মহল।