বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক অ্যাডভোকেট আততায়ীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) ভোর রাতে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, গত রাত আনুমানিক ১টার দিকে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। ৯৯৯-এ স্থানীয়দের ফোন পেয়ে রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।