Image description

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভিরের নেতৃত্বে হাজার হাজার চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীর বেআইনি প্রবেশ, ধর্মীয় উসকানি ও তাণ্ডবের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

 

শুক্রবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াত আমির আরো বলেন, পবিত্র আল-আকসা মসজিদ বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলিমের তৃতীয় পবিত্রতম স্থান ও ইমানের প্রতীক। আন্তর্জাতিক আইন ও ঐতিহাসিক স্থিতাবস্থা লঙ্ঘন করে উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে হাজার হাজার বসতি স্থাপনকারীর পবিত্র প্রাঙ্গণে ঢুকে ধর্মীয় উসকানিমূলক আচার-অনুষ্ঠান পরিচালনা করা চরম অসভ্যতা ও আন্তর্জাতিক নিয়মনীতির প্রকাশ্য অবমাননা।

 

বিরোধীদলীয় নেতা বলেন, ফিলিস্তিনি মুসলিমদের নামাজ আদায়ে বাধা প্রদান, বৃদ্ধ ও তরুণদের ওপর নির্যাতন এবং পবিত্র প্রাঙ্গণের পবিত্রতা নষ্ট করার মাধ্যমে জায়নবাদী ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যকে আরও বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এই অমানবিক ও দখলদারিত্বমূলক আচরণ কোনোভাবেই বরদাশত করা যায় না।

 

ডা. শফিকুর রহমান জাতিসংঘ, ওআইসি-সহ শান্তিপ্রিয় বিশ্ব সম্প্রদায় এবং মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে ইসরায়েলের এই অব্যাহত ধৃষ্টতা ও আল-আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন বন্ধে কার্যকর আইনি ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 

তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে বাংলাদেশের জনগণের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন।