ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অর্থ আত্মসাৎ মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে ১২ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের কোনাপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে মুর্শেদ খাদেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কোনাপাড়ার মৃত ফরিদ মিয়ার ছেলে।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১২ সালে ইট সরবরাহের চুক্তির মাধ্যমে হরলাল দেবনাথের কাছ থেকে স্ট্যাম্পে লিখিত চুক্তির ভিত্তিতে সাড়ে তিন লাখ টাকা নেন মুর্শেদ খাদেম। তবে টাকা গ্রহণের পর তিনি ইট সরবরাহ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন এবং একপর্যায়ে আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় ২০১৩ সালে হরলাল দেবনাথ তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগে মামলা দায়ের করেন। মামলার বিচার শেষে ২০১৪ সালে আদালত মুর্শেদ খাদেমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সরাইল থানার পুলিশ কোনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সরাইল থানার ওসি মো. মনজুরুল কাদের ভূঁইয়া বললেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানারভুক্ত দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।