Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট বিভাগীয় সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে দেশব্যাপী চলমান বিভাগীয় সমাবেশ কর্মসূচির সমাপনী আয়োজন হবে সিলেটে।

 

বিজ্ঞাপন

সোমবার সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

অ্যাডভোকেট জুবায়ের বলেন, রাজশাহী বিভাগীয় সমাবেশের মাধ্যমে শুরু হওয়া এ কর্মসূচি সিলেটে এসে শেষ হবে। সমাপনী সমাবেশ থেকেই জাতীয় নেতৃবৃন্দ পরবর্তী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন। তিনি আশা প্রকাশ করেন, বিভাগের চার জেলা, মহানগরসহ বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সমাবেশটি সফল হবে।

 

তিনি বলেন, প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও দেশের প্রতিটি বিভাগীয় সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছে। সিলেটের সমাবেশেও একই ধরনের গণঅংশগ্রহণ হবে বলে তাদের প্রত্যাশা।

 

অ্যাডভোকেট জুবায়ের দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়। তিনি আরও অভিযোগ করেন, সরকার জুলাইয়ের চেতনাকে উপেক্ষা করে একদলীয় শাসনের দিকে এগোচ্ছে। একই সঙ্গে দেশে খুন, হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনা বেড়েছে বলে উল্লেখ করে এসব নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

 

সিলেট অঞ্চলের বিভিন্ন উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরে তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন ব্যবস্থাপনা উন্নয়ন এবং ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা জরুরি। এসব কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি সরকারের প্রতি এসব সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানান।

 

এছাড়া বিভাগীয় সমাবেশে সিলেটের বিভিন্ন ন্যায্য দাবি ও উন্নয়ন-সংক্রান্ত বিষয়ও তুলে ধরা হবে বলে জানান তিনি।

 

আগামী ২৫ জুলাইয়ের সমাবেশ সফল করতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের পাশাপাশি সিলেটবাসীর প্রতি উপস্থিত থাকার আহ্বান জানান অ্যাডভোকেট জুবায়ের।

 

সমাবেশস্থল পরিদর্শনকালে ১১ দলীয় ঐক্যের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।