Image description

মাগুরা শ্রীপুরে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী রাজিয়া খাতুনকে (১১) ধর্ষণ ও হত্যার দায়ে আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমানে এই রায় দেন। এসব জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন।

মামলার এজাহারে বলা আছে, রাজিয়া পড়ত উপজেলার শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ে। ২০২২ সালের ১৭ মার্চ সে নিখোঁজ হয়। পরদিন গ্রামের কুমার নদ ঘেঁষা একটি পেঁপে বাগান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

দুই দিনের মাথায় র‌্যাব ও পুলিশ যৌথ অভিযানে গ্রেপ্তার হন একই গ্রামের নসিমন চালক মো. হাসান শেখ (২৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, শিশুটিকে ধর্ষণের পর গলা টিপে ধরেন। মৃত্যু নিশ্চিত করতে ব্লেড দিয়ে পোঁচ দেন রাজিয়ার গলায়।

সেদিনই মেয়েটির বাবা আকিজ শেখ শ্রীপুর থানায় মামলা করেন। পরে হাসানকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান।

চার বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আজ হলো রায়। রাজিয়ার বাবা রায়ের খবর শুনে কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘আমার নিষ্পাপ মেয়েটাকে যেভাবে কসাইয়ের মতো জবাই করা হয়েছিল, আজ চার বছর পর তার বিচার পেলাম। আমরা দ্রুত এই ফাঁসির রায় কার্যকর দেখতে চাই।’