Image description

নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমেই জুলাই সনদের বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, ‘জুলাইয়ের চেতনা বাস্তবায়ন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহিদ দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শহিদ আবু সাঈদ স্মরণে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘রংপুরসহ সারাদেশের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্বাচিত সংসদের মাধ্যমেই জুলাই সনদের বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে। খুব শিগগিরই শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণকাজ শুরু হবে।’

শোকসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আযাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাদের আদর্শ বাস্তবায়ন এবং বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।