ফেসবুকে পরিচয় থেকে গড়ে ওঠা চার বছরের প্রেমের টানে পাকিস্তান থেকে শরীয়তপুরের জাজিরায় এসেছেন মো. মোজাম্মেল হোসাইন (২৬) নামে এক যুবক। ১১ জুলাই পাকিস্তানের লাহোর থেকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের স্টাপল্টন শিকদার কান্দি এলাকায় তার প্রেমিকা তানজিলা আক্তারের বাড়িতে আসেন। পরে স্থানীয় ইমামের মাধ্যমে শরিয়াহ অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন হয়।
তানজিলার পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে ফেসবুকে পরিচয় হয় লাহোরের বাসিন্দা উর্দুভাষী মোজাম্মেল হোসাইনের সঙ্গে। নিয়মিত চ্যাটিং আর ভিডিও কলের মাধ্যমেই তৈরি হয় গভীর ভালোবাসার সম্পর্ক। সেই সম্পর্কের টানেই ১১ জুলাই লাহোর থেকে সরাসরি জাজিরার বিলাসপুরের রহিম উদ্দিন মালাই মৃধাকান্দি এলাকার প্রেমিকার বাড়িতে এসে হাজির হন মোজাম্মেল। এরপর গতকাল মঙ্গলবার তাঁদের পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
তানজিলা বলেন, প্রায় চার বছর আগে ফেসবুকে আমাদের পরিচয় হয়। পরে নিয়মিত কথা বলার পর ভালোলাগা থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ প্রতীক্ষার পর সেই সম্পর্ককে বাস্তব রূপ দিতেই লাহোর থেকে সরাসরি জাজিরায় ছুটে আসেন মোজাম্মেল। পরিবারের সম্মতিতে স্থানীয় ইমামের মাধ্যমে শরীয়াহ অনুযায়ী আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। আমি আমার স্বামীর সঙ্গে পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।
তানজিলার মা আসমা আক্তার বলেন, ছেলের পরিবারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। এতো দূরে মেয়েকে বিয়ে দিতে কিছুটা খারাপ লাগলেও আমাদের মনে কোনো ভয় বা শঙ্কা নেই।
বিষয়টি নিয়ে জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, আমরা এই বিষয়টি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নই। অতি দ্রুত খোঁজ খবর নিয়ে দেখবো।