ভারী বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন কিছু শিক্ষার্থী। এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আজকে আমরা গভীর পর্যবেক্ষণে আছি এবং কিছুক্ষণের মধ্যে আবারো বসবো। আবারো কথা বলব এবং চেষ্টা করব কীভাবে এই সমস্যার সমাধান করা যায়।’
তিনি বলেন, ‘আমরা লেটেস্ট ওয়েদার ম্যানের রিপোর্ট এখনো পাইনি। তারা অপেক্ষা করছে যে আমাদেরকে জানাবে, সেটা নিয়ে আমরা অপেক্ষায় আছে।’ আজ রবিবার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা কিছুক্ষণ আগেই উপদেষ্টা এবং সচিবসহ বিষয়গুলো আলোচনা করছিলাম। ঢাকার বারী বৃষ্টি বর্ষণ হয়েছে। মূলত গতকালকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, ‘৬৪ জেলায় ডিসি এবং বোর্ড চেয়ারম্যানদের সাথে কথা বলে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো মনিটরিং করে আমরা পরীক্ষা নেওয়া না নেওয়ার সিদ্ধান্তগুলো নিচ্ছি। এভাবে আমরা আপডেট করছি এবং যে সব পরীক্ষাগুলি পিছিয়ে যাবে, সে পরীক্ষাগুলো আমরা নেওয়ারও ব্যবস্থা করেছি।’