Image description

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নদ-নদীর পানি দ্রুত বাড়তে থাকায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জে বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

সংস্থাটির বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের খোয়াই, মনু ও কুশিয়ারা নদীর একাধিক পয়েন্টে পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। এর মধ্যে সুনামগঞ্জের মারকুলি এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এফএফডব্লিউসি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। ফলে সুরমা ও কুশিয়ারা নদীসংলগ্ন সিলেট এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা এবং ভুগাই-কংস নদীর পানিও কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের সাতটি জেলা বন্যায় আক্রান্ত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও আটটি জেলা বন্যার ঝুঁকিতে পড়তে পারে। ইতোমধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পাশাপাশি সিলেট ও সুনামগঞ্জকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় রাখা হয়েছে।

শীর্ষনিউজ