Image description

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় ‘জুলাই পদযাত্রা’র আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

এ উপলক্ষে বিকেলে সোনাগাজী উপজেলা এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘বিএনপি সরকার বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন আর মোমবাতি ধরিয়ে দিয়েছে। আগে যারা ধানক্ষেতে ঘুমাত, ঢাকায় রিকশা চালাত, তারা এখন প্রাডো গাড়ি চালায়। তাদের নিজেদের প্রশ্ন করা উচিত, অল্প সময়ে কীভাবে তারা এসব সম্পদের মালিক হয়েছেন।’

 
 
 

তিনি আরও বলেন, ‘এসি গাড়িতে বসে, এসি বাসায় থেকে জনগণের কষ্ট বোঝা যায় না। স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা হচ্ছে মাদকের হাট। আমরা রাজনীতিকে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের জন্য কঠিন করতে এসেছি।’

 
 

পথসভার আগে হাসনাত আব্দুল্লাহ সোনাগাজী সদর ইউনিয়নের জুলাই শহীদ বোরহানের কবর জিয়ারত করেন এবং সোনাগাজী পৌর শহরে পদযাত্রায় অংশ নেন।

 

সোনাগাজী উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ ও নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদার, কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন রনি এবং জেলা পর্যায়ের শীর্ষ নেতারা।

এদিকে পথসভা চলাকালে হাসনাত আব্দুল্লাহর উপস্থিতিতে দুপক্ষের সমর্থকদের মধ্যে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটে। এতে অনুষ্ঠানস্থলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সমাবেশের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।

তবে সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতারা সভাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পর উপজেলা পর্যায়ের কয়েকজন নেতার মধ্যে আবারও কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে।