রাজধানীর শাহবাগ এলাকায় বিশেষ কায়দায় পাকস্থলীর অভ্যন্তরে পাচারকালে ১৩২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতরা হলো মো. হাসান (৪০) ও এখলাস মিয়া (৬৫)।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে শাহবাগ থানাধীন দোয়েল চত্ত্বর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগ।
সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগ ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক কারবারি বিশেষ কায়দায় পাকস্থলীতে ইয়াবা বহন শাহবাগের দোয়েল চত্ত্বর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে পাকস্থলীর ভিতর থেকে ১৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করতো। ক্রয়কৃত ইয়াবা বিশেষ কায়দায় পেটের ভিতরে পাকস্থলীতে বহন করে ঢাকায় নিয়ে আসতো। এরপর মলত্যাগের মাধ্যমে অপসারণ করে ঢাকায় বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।