Image description

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে প্রাথমিক শিক্ষা বিভাগ, রংপুরের বিভাগীয় উপপরিচালক আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর অফিস সময়কে লোক দেখানো শোপিস বললেন প্রধান শিক্ষক’ শিরোনামে একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর বিষয়টি আমলে নেওয়া হয়। এতে অভিযোগ করা হয়, মো. শফিকুল ইসলাম বিদ্যালয়ে বিলম্বে উপস্থিত হওয়ার পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।

বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, এ ধরনের আচরণের ফলে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) ধারার আওতায় অসদাচরণ হিসেবে বিবেচিত।

এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী মো. শফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শীর্ষনিউজ