Image description

চলতি জুন মাসে গ্রাহক পর্যায়ে অন্যান্য মাসের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়ায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা) মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সূত্রে জানা গেছে, জুন ২০২৬ মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল স্বাভাবিকের তুলনায় বেশি এসেছে। গ্রাহকদের হয়রানি কমাতে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

এ অবস্থায় অতিরিক্ত বিল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে গ্রাহকদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের নির্ধারিত হটলাইন নম্বরেও অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় হটলাইন ১৬৯৯৯। এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (পবিবো) ১৬৮৯৯, ডিপিডিসি ১৬১১৬, ডেসকো ১৬১২০, নেসকো ১৬৬০৩ এবং ওজোপাডিকো ১৬১১৭ নম্বরে যোগাযোগ করে গ্রাহকরা প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।

শীর্ষনিউজ