ফেনীর ফুলগাজীতে নিজ বাড়ি থেকে গৃহবধূ কুলসুম কাজলের হাত-পা বাঁধা লাশ উদ্ধারের রহস্য উদঘাটনের দাবি করেছে র্যাব। এ ঘটনায় ওই নারীর এক আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার রাতে উপজেলার উত্তর ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৯ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ হত্যার ঘটনার রহস্য উন্মোচনের কথা জানায় র্যাব। র্যাব-৭ ফেনী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান। পরে র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতেও এসব তথ্য জানানো হয়।
শনিবার ভোরে ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছিল। নিহত কুলসুম কাজল (৩৫) ওই এলাকার কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী। এ ঘটনায় গ্রেফতার যুবকের নাম মো. আরিফুল ইসলাম (৩১)। তিনি একই গ্রামের মো. রসুল মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।
র্যাব জানায়, ঋণের কিস্তির টাকা জোগাড় করতে চুরির উদ্দেশ্যে ওই নারীর ঘরে ঢুকেছিলেন আরিফুল। তবে ঘুম থেকে উঠে পড়ায় পরে ওই নারীকে হাত-পা বেঁধে মাথায় আঘাত করেন তিনি। এরপর ওই নারীর মৃত্যু হয়। আরিফুলের নাকের নিচে আঁচড়ের দাগ খুনের রহস্যের জট খুলে দেয়।
র্যাব জানায়, আরিফুল একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়েছিলেন। তাকে প্রতি মাসে ১৫ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হতো। চলতি মাসের কিস্তির টাকা জোগাড়ের উদ্দেশ্যে তিনি চুরির পরিকল্পনা করেন। নিহত কুলসুমের স্বামী নুরুল আমিন কুয়েতে থাকেন। তার তিন সন্তানের মধ্যে দুই সন্তান আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করে। ছোট সন্তানকে নিয়ে কুলসুম বাড়িতে থাকতেন। গত শুক্রবার রাতে তিনি ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে টিনের চাল কেটে মুখোশ পরে ঘরে ঢোকেন আরিফুল।
তবে ততক্ষণে কুলসুমের ঘুম ভেঙে যায়। এরপর আরিফুলের সঙ্গে কুলসুমের ধস্তাধস্তি হয়। তখন আরিফুল কুলসুমের হাত-পা বেঁধে মুখে স্কচটেপ পেঁচিয়ে মাথায় আঘাত করেন। তাকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ধস্তাধস্তির সময় কুলসুমের নখের আঁচড়ে আরিফুলের নাকের নিচে ক্ষতচিহ্ন তৈরি হয়।
পরদিন ভোরে ফজরের নামাজের জন্য বের হয়ে কুলসুমের ভাশুর ইসমাইল হোসেন পাশের ঘর থেকে গোঙানির শব্দ শুনতে পান। দরজা না খোলায় আশপাশের লোকজনকে ডাকা হয়। পরে পাশের একটি ভবনের ছাদ থেকে ঘরের টিনের চাল কাটা দেখতে পান তারা। ঘরে ঢুকে কুলসুমের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর নিহত নারীর বাবা বাদী হয়ে ফুলগাজী থানায় হত্যা মামলা করেন। পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে র্যাব। সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আরিফুলের নাকের নিচে নখের আঁচড়ের দাগ দেখতে পান তদন্তকারীরা। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান বলেন, ‘রবিবার রাতে ফুলগাজীর উত্তর ধর্মপুর এলাকা থেকে আরিফুলকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনও কারণ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।’